ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শনিবারের হুমকির জবাবে পাল্টা হুঁশিয়ারি দিল ইরান। নিজেদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হলে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।
রোববার (২২ মার্চ) ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেয়। খবর আল-জাজিরার
আইআরজিসির বিবৃতিতে বলা হয়, ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লক্ষ্যবস্তু করা হলে হরমুজ প্রণালি ‘সম্পূর্ণরূপে’ বন্ধ করে দেওয়া হবে। স্থাপনাগুলো পুনরায় নির্মিত না হওয়া পর্যন্ত তা বন্ধ থাকবে।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের বিদ্যুৎকেন্দ্র আক্রান্ত হলে ইসরায়েলের বিদ্যুৎকেন্দ্র, জ্বালানি অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি স্থাপনায় ‘ব্যাপক হামলা’ চালানো হবে। এ ছাড়া এই অঞ্চলের যেসব কোম্পানিতে যুক্তরাষ্ট্রের মালিকানা রয়েছে, সেগুলোকেও ‘সম্পূর্ণরূপে ধ্বংস’ করে দেওয়া হবে।
আইআরজিসি বিবৃতিতে বলে, এই অঞ্চলের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেগুলোর বিদ্যুৎকেন্দ্রগুলোকেও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর থেকে হরমুজ প্রণালি প্রায় বন্ধ করে দিয়েছে ইরান। দেশটির অনুমতি ছাড়া কোনো জাহাজ বা ট্যাংকার বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রণালিটি পার হতে পারছে না।
এদিকে প্রণালিটি উন্মুক্ত রাখতে ন্যাটো মিত্রদের সেখানে যুদ্ধজাহাজ পাঠাতে একাধিকবার অনুরোধ করেছেন ট্রাম্প। কিন্তু অধিকাংশ দেশ বলেছে, বর্তমান পরিস্থিতিতে তারা হরমুজে যুদ্ধজাহাজ পাঠাতে প্রস্তুত নয়।
গতকাল শনিবার ২২টি দেশ জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজের অবাধ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ ২২ দেশ প্রস্তুত। এই জোটে ইউরোপীয় দেশগুলোর পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও বাহরাইন রয়েছে।
এসআই
আপনার মতামত লিখুন :