ফাইল ছবি
ঢাকা: আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় পতন হয়েছে। গত সপ্তাহে মূল্যবান এ ধাতুটির আউন্স প্রতি দাম ৪৯৮ ডলার কমে দাড়িয়েছে ৪ হাজার ৪৯৪ ডলারে। ১৯৮৩ সালের পর সোনার দামে এটাই সবচেয়ে বড় সাপ্তাহিক পতন।
বাজার বিশ্লেষক সংস্থাগুলোর তথ্যমতে, মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ শুরুর পর থেকে স্বর্ণের দাম ১৪ শতাংশের বেশি কমেছে। যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন সুদহার কমানোর বদলে তা স্থিতিশীল রাখার কথা ভাবছে।
কেন্দ্রীয় ব্যাংক সুদহার না কমালে বন্ডের মতো লাভজনক খাতে বিনিয়োগের সুযোগ বাড়ে। এতে করে সোনার চাহিদা কমে গিয়ে বাজারে নেতিবাচক প্রভাব পড়ছে।
চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ডলার ছাড়ায়। তবে দাম বাড়ার প্রবণতা কমে আসায় অনেক বিনিয়োগকারী লাভ তুলে নিতে সোনা বিক্রি করে দিচ্ছেন। এতে করে সোনার দাম আরও কমে আসছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম এক দিনেই হ্রাস পায় ১৫ হাজার টাকার বেশি। সেদিনই দু’বার দাম কমানো হয়।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস নির্ধারিত সর্বশেষ দাম অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেট মানের সোনার দাম বর্তমানে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।
বাজুস কর্তৃক ধার্যকৃত নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনার দাম এখন ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা। এছাড়া, ১৮ ক্যারেট সোনার দাম ২ লাখ ২ হাজার ২০ টাকা ধার্য করা হয়েছে। সনাতন পদ্ধতির সোনা মিলছে প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায়।
এসআই
আপনার মতামত লিখুন :