সোনার দামে ধস

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৩:০৮ পিএম
সোনার দামে ধস

ফাইল ছবি

ঢাকা: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা, যুক্তরাষ্ট্র-ইরান শান্তি উদ্যোগে অনিশ্চয়তা এবং মার্কিন সুদহার বৃদ্ধির আশঙ্কা সোনার বাজারে চাপ সৃষ্টি করেছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমেছে।

শুক্রবার স্পট মার্কেটে সোনার দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৬১.২৮ ডলারে নেমেছে। চলতি সপ্তাহে এখন পর্যন্ত সোনার দাম প্রায় ১.৬ শতাংশ কমেছে। একই সময়ে আগস্ট ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচার ০.৪ শতাংশ কমে ৪ হাজার ৪৮৭.৯০ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, লেবাননে নতুন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান এবং ইসরায়েলের সেনা প্রত্যাহারে অনীহা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এর ফলে যুক্তরাষ্ট্রের শান্তি প্রচেষ্টার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা বিনিয়োগকারীদের মনোভাবকে প্রভাবিত করছে।

এবিসি রিফাইনারির গ্লোবাল হেড অব ইনস্টিটিউশনাল মার্কেটস নিকোলাস ফ্র্যাপেল বলেন, ইরান সংকটের সমাধান নিয়ে হতাশা এবং কঠোর সুদহার নীতির প্রত্যাশা সোনার দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

সাধারণত সোনাকে মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হলেও উচ্চ সুদহার সুদবিহীন এই ধাতুর আকর্ষণ কমিয়ে দেয়। বাজার বিশ্লেষকরা বলছেন, বর্তমানে বিনিয়োগকারীরা ফেডের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পেতে মে মাসের যুক্তরাষ্ট্রের নন-ফার্ম পেরোলস প্রতিবেদন প্রকাশের অপেক্ষায় রয়েছেন।

এদিকে, আন্তর্জাতিক বাজারে দামের অস্থিরতার কারণে ভারতে সোনার চাহিদা কমেছে। একই সঙ্গে চীনে সোনার প্রিমিয়ামও কিছুটা হ্রাস পেয়েছে।

শুধু সোনা নয়, অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট সিলভার ১.৮ শতাংশ কমে প্রতি আউন্স ৭২.৫৩ ডলারে, প্লাটিনাম ০.৮ শতাংশ কমে ১ হাজার ৮৮৫.৮৩ ডলারে এবং প্যালাডিয়াম ০.৮ শতাংশ কমে ১ হাজার ৩০৯.৯১ ডলারে নেমেছে। সবকটি ধাতুই সাপ্তাহিক ভিত্তিতে ক্ষতির দিকে এগোচ্ছে।

পিএস

Link copied!