পুলিশের শীর্ষ পদে বড় পরিবর্তনের গুঞ্জন, আলোচনায় যারা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১১:১০ এএম
পুলিশের শীর্ষ পদে বড় পরিবর্তনের গুঞ্জন, আলোচনায় যারা

নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তনের জোরালো গুঞ্জন উঠেছে। বিশেষ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার পদে কারা আসছেন—তা নিয়ে প্রশাসনের ভেতরে-বাইরে চলছে ব্যাপক আলোচনা।

আইজিপি পদে যাদের নাম আলোচনায়

পুলিশের নির্ভরযোগ্য সূত্র বলছে, নতুন আইজিপি হিসেবে কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার নাম ঘুরছে। তাদের মধ্যে রয়েছেন—

হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক দেলোয়ার হোসেন মিঞা, আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত মহাপরিদর্শক আলী হোসেন ফকির, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।

চব্বিশের গণঅভ্যুত্থানের পর র‍্যাবকে পুনর্গঠনের অংশ হিসেবে শহিদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। আগামী ১৫ মার্চ তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মতিউর রহমান শেখ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক (গ্রেড-১) আনসার উদ্দিন খান পাঠানের নামও আলোচনায় রয়েছে।

বর্তমান আইজিপি বাহারুল আলম-কে ২০২৪ সালের ২০ নভেম্বর দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। সে অনুযায়ী তার মেয়াদের এখনও প্রায় নয় মাস বাকি রয়েছে।

ডিএমপি কমিশনার পদেও সম্ভাব্য পরিবর্তন

ডিএমপি কমিশনার পদে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন—  চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ, 
অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মোসলেহ্ উদ্দিন আহমদ, র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদ।

বর্তমান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হবে আগামী ২১ নভেম্বর।

একাধিক সূত্রের দাবি, নতুন রাজনৈতিক বাস্তবতায় পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ব্যাপক রদবদল আসতে পারে। সরকারের নীতিগত অগ্রাধিকার ও প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবেই এ পরিবর্তন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এম

Link copied!