ছবি : সংগৃহীত
ঢাকা: যুদ্ধে নিহত প্রবাসী বাংলাদেশি মোশাররফ হোসেনের (৩০) দুই ছেলের শিক্ষার খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর ফটকের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
এর আগে সকাল ১০টা ৫০ মিনিটের দিকে মোশাররফের মরদেহ বহনকারী সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইট (এসভি ৮০৬) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
মোশাররফের পরিবারের সদস্যদের সহানুভূতি জানাতে বিমানবন্দরে যান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, মোশাররফ হোসেনের মৃত্যুতে আমরা শোকাহত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা মোশাররফ হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে এখানে এসেছি। আমরা প্রবাসীদের পাশে আছি। মোশাররফের পরিবারকে সহযোগিতা করবো। তার দুই ছেলের সব খরচ সরকার বহন করবে।
নিহত মোশাররফ হোসেনের বাড়ি টাঙ্গাইলের সখীপুরে। তিনি উপজেলার কীর্তনখোলা গ্রামের মো. সুরজত আলীর ছেলে। গত ৮ মার্চ সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় মোশাররফ নিহত হন। ইফতারের ঠিক আগমুহূর্তে চালানো ওই হামলায় মোশাররফসহ তিনজন প্রাণ হারান।
এসআই
আপনার মতামত লিখুন :