ফাইল ছবি
পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে এরই মধ্যে বিভিন্ন দেশ ও জ্যোতির্বিজ্ঞানীরা তাঁদের পূর্বাভাস দিয়েছেন। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপনের জোরালো সম্ভাবনা রয়েছে।
সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার উম আল-কুরা অনুযায়ী, দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে আগামী ২৭ মে। ওই ক্যালেন্ডারের হিসাব বলছে, আগামী ১৬ মে সেখানে জিলকদ মাসের ২৯তম দিন পূর্ণ হবে। এরপর ১৭ মে জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হওয়ার কথা রয়েছে। সেই হিসেবে জিলহজ মাস শুরুর ওপর ভিত্তি করে ২৭ মে ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার কথা।
এদিকে পাকিস্তানের জ্যোতির্বিজ্ঞানীরাও একই সম্ভাবনার কথা জানিয়েছেন। তাঁদের মতে, দেশটিতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে। অন্যদিকে যুক্তরাজ্য ও ইউরোপের দেশগুলোতে চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৭ মে বুধবার অথবা ২৮ মে বৃহস্পতিবার থেকে ঈদ শুরু হতে পারে বলে জানিয়েছে মুসলিম জীবনবিষয়ক গণমাধ্যম হাইফেন অনলাইন।
সংযুক্ত আরব আমিরাতের বৈজ্ঞানিক হিসাব-নিকাশ অনুযায়ী, এ বছর হজের মূল আনুষ্ঠানিকতা তথা আরাফাতের দিন পড়বে ২৬ মে। সেই অনুযায়ী দেশটিতে ২৭ মে ঈদুল আজহা পালিত হবে।
সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপনের একদিন পর বাংলাদেশে ঈদ পালিত হয়। সেই হিসেবে আগামী ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পরের মাস হলো জিলহজ এবং এই মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালিত হয়।
তবে এই সম্ভাব্য তারিখগুলো মূলত জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ওপর ভিত্তি করে তৈরি। জিলহজ মাসের শুরু এবং ঈদুল আজহার সঠিক তারিখ মূলত চাঁদ দেখার ওপরই নির্ভর করবে। বাংলাদেশে এ বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটি যথাসময়ে বৈঠক করে চূড়ান্ত ঘোষণা প্রদান করবে।
এসএইচ
আপনার মতামত লিখুন :