ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিজয়ী জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান পরাজিত প্রার্থী সানজিদা ইসলাম তুলির পরিবারের সঙ্গে দেখা করেছেন। শনিবার সকালে রাজধানীর নাখালপাড়ায় তিনি ও তাঁর স্ত্রী তুলির মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎ শেষে আরমান বলেন, আয়নাঘর থেকে মুক্ত হওয়ার পর তাঁর পরিবার প্রথমেই ‘মায়ের ডাক’ সংগঠনের কথা জানায়, যারা সব সময় তাঁদের পরিবারের খোঁজখবর রেখেছে। তিনি অভিযোগ করেন, গুম হওয়া বিএনপি নেতা সুমনের ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং অনেক পরিবার এখনো জানে না তাদের স্বজনদের কী হয়েছে।
তিনি আরও বলেন, গুম অবস্থায় থাকাকালে অনেক নিকটাত্মীয় যোগাযোগ না রাখলেও এই পরিবারটি তাঁদের পাশে ছিল। গুমের শিকার পরিবারগুলোকে সংগঠিত হতে এবং আন্দোলন করতে তারা ভূমিকা রেখেছে। গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় না আনা পর্যন্ত তাঁদের সংগ্রাম চলবে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় তুলির মা তাঁর ছেলে সুমনকে ফিরে পাওয়ার দাবি জানিয়ে বলেন, তাঁর একমাত্র চাওয়া সুমনকে বের করে আনা। আরমানের সঙ্গে তাঁদের পরিচয় আগের এবং ঢাকায় এলে তিনি তাঁর বাসায় যাবেন বলেও জানান।
এসএইচ
আপনার মতামত লিখুন :