স্বেচ্ছাসেবক দল নেতাকে হাতুড়ি পেটা, হাসপাতালে ভর্তি

  • বরিশাল অফিস | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৬:২৮ পিএম
স্বেচ্ছাসেবক দল নেতাকে হাতুড়ি পেটা, হাসপাতালে ভর্তি

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে ধানের শীষের সমর্থককে স্বতন্ত্র প্রার্থীর ফুটবল মার্কার সমর্থক আখ্যা দেওয়াকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়েছে। স্থানীয়রা আহত মনির ফকিরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, বরিশাল-১ আসনের ধানের শীষ মার্কার সমর্থক মাহিলাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহ্বায়ক মনির ফকির একই দলের বেল্লাল খানকে ফুটবল মার্কার সমর্থক আখ্যা দেন। এতে ক্ষিপ্ত হয়ে বেল্লাল ও তার সহযোগীরা মনিরকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে মারধর করে।

শনিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন মনির ফকির অভিযোগ করেন, মিথ্যা অভিযোগে তাকে তুলে নিয়ে হাতুড়ি পেটা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার চান।

তবে বেল্লাল খান অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন এবং বলেন, হামলার সঙ্গে তার কোনো যোগ নেই, তাকে ফাঁসানো হচ্ছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানান, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ 
 

Link copied!