ছবি : সংগৃহীত
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের এই সাফল্য দেশের জনগণের এবং গণতান্ত্রিক বাংলাদেশে সবাই এখন মুক্ত বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন এই কথা বলেন তিনি।
তিনি বলেন, আমি দেশের সব জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে আমরা দেশের গণতন্ত্রের পথ সুগম করেছি। এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের। গণতান্ত্রিক বাংলাদেশে এখন সবাই মুক্ত।
এ ছাড়াও নির্বাচনে অংশ নেওয়া প্রতিটি দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি। সেই সঙ্গে দেশের সকল নাগরিকের উপর সমান আইন প্রয়োগ করা হবে জানিয়েছেন তারেক রহমান।
এবারের নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে ২০৩টি আসনে জয় পেয়েছে দলটির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা। অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থীরা ৭০টি আসনে জয়লাভ করেছেন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি ৬টি এবং স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীরা ১৪টি আসনে জয় পেয়েছেন। বাকি আসনের ফলাফল এখনও প্রক্রিয়াধীন।
বিএনপির ক্ষমতার ইতিহাস সর্বশেষ ২০০১ সালের সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছিল। ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র প্রদানের মাধ্যমে সেই মেয়াদের সমাপ্তি ঘটে।
এসআই
আপনার মতামত লিখুন :