ছবি: সংগৃহীত
জোহানেসবার্গ টেস্টে গ্লাভস হাতে ডিসমিসালের নতুন বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ দিনের প্রথম সেশনে মেহেদী হাসান মিরাজের বলে রায়ান রিকেলটন ও কাগিসো রাবাদাকে স্টাম্পিং করে তিনি এই অনন্য কীর্তি গড়েন। টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ আটটি ডিসমিসালের রেকর্ড এখন লিটনের দখলে, যার মধ্যে ছয়টি ক্যাচ ও দুটি স্টাম্পিং রয়েছে।
এর আগে টেস্টের এক ইনিংসে উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ সাতটি ডিসমিসালের বিশ্বরেকর্ড ছিল যৌথভাবে পাঁচজনের দখলে। পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ এবং ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস ও জশুয়া দা সিলভা সাতটি করে ক্যাচ নিয়ে এই রেকর্ডের মালিক ছিলেন।
ওয়ান্ডারার্সে আগের দিনই ছয়টি ক্যাচ নিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড গড়েছিলেন লিটন। আজ রিকেলটনকে স্টাম্পিং করে বিশ্বরেকর্ড স্পর্শ করার পাশাপাশি রাবাদার সঙ্গে তার ১১৭ রানের জুটি ভাঙেন তিনি। এরপর পরপর দুই বলে ছক্কা হাঁকানো রাবাদাকেও মিরাজের বলে স্টাম্পিং করে ইতিহাসের চূড়ায় উঠে যান লিটন।
লিটনের ব্যক্তিগত এই বিশ্বরেকর্ডের দিনেও চতুর্থ দিনের প্রথম সেশনটি বাংলাদেশের জন্য কিছুটা হতাশায় কেটেছে। ৭ উইকেটে ৩৮৬ রান নিয়ে দিন শুরু করা দক্ষিণ আফ্রিকা শেষ তিন উইকেটে আরও ১৭১ রান যোগ করলে বাংলাদেশের সামনে লিড দাঁড়িয়েছে ১৫৭ রানের।
এসএইচ