ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম অভিযোগ করেছেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে ‘জুলাই বিপ্লব’কে ব্যর্থ করার চেষ্টা করছে। তিনি বলছেন, পতিত ফ্যাসিবাদের ফ্রেমিংয়ে জুলাইকে ‘অপরাধ’ হিসেবে প্রতিষ্ঠার অপচেষ্টা চালানো হচ্ছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, জুলাইকে বিতর্কিত করতে গণভোট ও জুলাই সনদ প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আন্দোলনকারীদের সুরক্ষা অধ্যাদেশ বাতিলের উদ্দেশ্যে পরিকল্পিত প্রোপাগান্ডাও চালানো হচ্ছে, যা উদ্বেগজনক।
সাদিক কায়েম আরও বলেন, কথিত পুলিশ হত্যাকাণ্ডের তদন্তের নামে সরকারের উদ্দেশ্যপ্রণোদিত তৎপরতা চলছে এবং কিছু গণমাধ্যম এ বিষয়ে সরকারের ‘গ্রিন সিগন্যাল’ থাকার দাবি করছে, যা পরিস্থিতিকে আরও জটিল করছে।
ডাকসু ভিপি সতর্ক করে জানান, যদি সুরক্ষা অধ্যাদেশ বাতিল করা হয় বা আইনি জটিলতায় বিপ্লবীদের হয়রানি করা হয়, তবে শুধু ছাত্রনেতৃবৃন্দ নয়, বিএনপি, জামায়াত, এনসিপিসহ আওয়ামী বিরোধী রাজনৈতিক শক্তির শীর্ষ নেতারাও এর শিকার হতে পারেন। এমনকি সাধারণ মানুষ থেকে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীও আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুলাইকে ব্যর্থ করার অপচেষ্টা বন্ধ করতে এবং আন্দোলনকারীদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। পাশাপাশি জাতীয় জীবনে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এসএইচ
































-20260220112630.jpg)






