• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়


নিজস্ব প্রতিবেদক মে ১৪, ২০২৬, ১০:০০ এএম
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে জরুরি উন্নয়নকাজের জন্য আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল থেকে টানা ছয় ঘণ্টা রাজশাহীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গাছের ডালপালা কেটে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিরাপত্তা ও মানোন্নয়ন কাজের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিতরণ সংস্থা।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহাকে সামনে রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এ কাজ করা হচ্ছে। এই সময় মেহেরচন্ডি ৩৩ কেভি ও কড়াইতলা ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। এতে কড়াইতলা মোড়, দায়রাপাক মোড়, রেজা কোল্ড স্টোরেজ, পশ্চিম বুধপাড়া ও উৎস ব্লক ফ্যাক্টরি এলাকা এবং এর আশপাশের গ্রাহকরা এই সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবেন।

এ বিষয়ে স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন জানান, লাইনের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখার জন্যই গাছের ডালপালা কাটার কাজটি জরুরি হয়ে পড়েছে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি। সংস্থাটি জানিয়েছে, কাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

এম

Link copied!