ছবি: সংগৃহীত
বিএনপি আমলের প্রথম গুমের শিকার মিরাজ শেখের সন্ধান নিশ্চিত করার মূল দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রীর বলে দাবি করেছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)। একই সঙ্গে এ ঘটনায় তাঁর বক্তব্য ও দায় এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখে ঘটনার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছে দলটি।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় জাদুঘরের সামনে মিরাজ শেখের সন্ধানের দাবি এবং গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ ২০২৫ বাতিলের প্রতিবাদে আয়োজিত এক ‘গণপ্রতিবাদ সভায়’ এসব কথা বলেন জেডিপির আহ্বায়ক নাঈম আহমাদ।
তিনি অভিযোগ করেন, সরকার ক্রমান্বয়ে দেশে গুমের সংস্কৃতি ফিরিয়ে আনার পরিবেশ তৈরি করছে। এর অংশ হিসেবে আগের অধ্যাদেশ বাতিল এবং নতুন নামে র্যাবকে ফিরিয়ে আনা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। অবিলম্বে মিরাজ শেখকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া এবং তাঁর পরিবারের ওপর সব ধরনের হয়রানি বন্ধের জোরালো দাবি জানানো হয়।
সভায় উদ্বোধনী বক্তব্যে দলের সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল আলিম বলেন, অধ্যাদেশ বাতিল করে নতুন যে আইন আনা হচ্ছে তা গুমকারীদের উৎসাহিত করবে। তাই প্রস্তাবিত আইনের বিচার ও তদন্তসংক্রান্ত বিধান সংশোধন করে বাতিল হওয়া অধ্যাদেশের ধারাগুলো পুনর্বহালের আহ্বান জানান তিনি।
উক্ত প্রতিবাদ সভায় স্টুডেন্ট ফর সার্বভৌমত্ব, জনতার দল, জনজোট বিপ্লবী মঞ্চ, বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন, ইনকিলাব মুভমেন্ট ও এনডিপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা সংহতি জানিয়ে বক্তব্য দেন। বক্তারা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং নাগরিক নিরাপত্তার স্বার্থে গুমের মতো মানবতাবিরোধী অপরাধ বন্ধের জোর দাবি জানান।
এসএইচ







































