• ঢাকা
  • সোমবার, ২৫ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঈদযাত্রার প্রথমদিনে সড়কে ঝড়ল ২৩ প্রাণ


নিউজ ডেস্ক মে ২৫, ২০২৬, ০৯:৪১ পিএম
ঈদযাত্রার প্রথমদিনে সড়কে ঝড়ল ২৩ প্রাণ

সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলে ১৭ জনসহ সারা দেশে ২৩ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

সোমবার (২৫ মে) টাঙ্গাইল, বগুড়া, মুন্সিগঞ্জ ও গোপালগঞ্জে পৃথক পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে টাঙ্গাইলে ১৭ জন, বগুড়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, গাইবান্ধা ও নোয়াখালীতে একজন করে নিহত হয়েছেন।

টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে গিয়ে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। সোমবার (২৫ মে) ভোরে যমুনা সেতু সংযোগ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সকলেই পেশায় ধান কাটার শ্রমিক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রডবোঝাই ট্রাকটি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ভোররাতে ট্রাকটি কালিহাতীর সড়াতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। 

নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনের পরিচয় নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এই ১৩ জনের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের রাজেন্দ্রবাটি ও চিকলাভোলা গ্রামে। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার জাহান সাথী বিষয়টি নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি রডবোঝাই ট্রাক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু সংযোগ সড়কের কালিহাতীর সড়াতৈল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হয়।

এছাড়া জেলার আরও দুই পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় আরও দুইজন নিহত হয়েছেন।

বগুড়ায় ঈদের ছুটিতে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি যাওয়ার পথে ঢাকা-রংপুর মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ সময় মা আয়েশা বেগম গুরুতর আহত হয়েছেন। 

সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে জেলার শাজাহানপুর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আনিছুর রহমান ও তার দুই বছরের কন্যা পুষ্প। তাদের গ্রামের বাড়ি পাবনায়। 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় কাভার্ডভ্যান-লরির সংঘর্ষে লরির হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিহত লরি হেলপারের নাম অন্তর দাস (১৮)। সে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার চাঁদপুর গ্রামের মানিক দাসের ছেলে। অন্যদিকে আহত কাভার্ড ভ্যানচালকের নাম নুরুল আলম (৪০) বলে জানিয়েছে পুলিশ।

গোপালগঞ্জে বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ যাত্রী। সোমবার (২৫ মে) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের জেলার সদর উপজেলার এ দুর্ঘটনা ঘটে।

এদিকে, গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সাবেক অতিরিক্ত জেলা ও দায়রা জজ এমএ আউয়াল সরকার (৫৫) ও নোয়াখালীতে পোল্ট্রি খাদ্যবোঝাই একটি গাড়ি উল্টে রহিম উল্লাহ (২২) নামে এক খামারির মৃত্যু হয়েছেন।

এম

Link copied!