ছবি: প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) চলমান একটি উন্নয়ন প্রকল্পকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ তিন নেতার বিরুদ্ধে চাঁদা দাবি, কাজে বাধা ও ঠিকাদারকে হয়রানির অভিযোগ উঠেছে। এই বিষয়ে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় ছাত্রদলের কাছে লিখিত আবেদন করা হয়েছে।
অভিযোগকারী আওলাদ হোসেন মনু বরিশাল মহানগরের ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও প্রথম শ্রেণির ঠিকাদার। গত ১১ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর তিনি এই আবেদন জমা দেন।
লিখিত অভিযোগে ববি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসাইন শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিব এবং ছাত্রদল নেতা আরাফাতসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, ই-জিপি (e-GP) পদ্ধতিতে ২০২৫ সালের নভেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের একটি উন্নয়ন কাজের কার্যাদেশ পান ঠিকাদার আওলাদ হোসেন মনু। কাজ শুরু হওয়ার পর থেকেই অভিযুক্তরা প্রকল্পের অংশ বা ভাগ দাবি করে আসছিলেন। গত ১ মার্চ কাজ চলাকালে একটি সংঘবদ্ধ দল কাজে বাধা সৃষ্টি করে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। দলের ভাবমূর্তির কথা চিন্তা করে তখন তিনি কোনো আইনি পদক্ষেপ নেননি।
আবেদনে আরও উল্লেখ করা হয়, গত ২৪ মে প্রশাসনিক ভবন-১-এর সামনে রাস্তার ঢালাইয়ের কাজ চলাকালে পুনরায় কাজের অংশ দাবি করা হয়। এতে অসম্মতি জানালে নির্মাণসামগ্রীর মান নিয়ে প্রশ্ন তুলে ঠিকাদারকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করা হয়। ওই সময় ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ও স্থানীয় লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে ল্যাব পরীক্ষায় ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান সন্তোষজনক এবং ‘এ’ গ্রেড হিসেবে মূল্যায়িত হয়েছে বলেও ঠিকাদার দাবি করেন।
আওলাদ হোসেন মনু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির প্রতি আস্থা রেখে তিনি বিষয়টির নিরপেক্ষ তদন্ত ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, এর আগেও সাধারণ সম্পাদক আরিফ হোসাইন শান্তর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছিল। এ ছাড়া অভিযুক্ত আরাফাতের বিরুদ্ধে মাছের পোনা ক্রয় সংক্রান্ত চাঁদাবাজি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনামূলক মন্তব্য করায় এক শিক্ষার্থীকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসাইন শান্ত বলেন, ‘এই ঘটনার সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। যেখানে ঘটনার কথা বলা হচ্ছে, সেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেগুলো পরীক্ষা করলেই প্রকৃত বিষয় পরিষ্কার হয়ে যাবে।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, অভিযোগটি কেন্দ্রীয় ছাত্রদল যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলে তারা আশা করছেন।
এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযোগকারী ঠিকাদার আওলাদ হোসেন মনুর বিরুদ্ধেও অতীতে কাজ পাওয়ার ক্ষেত্রে অনিয়ম, প্রকৌশল বিভাগের সঙ্গে বিশেষ যোগাযোগের মাধ্যমে প্রকল্প গ্রহণ এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ রয়েছে। তবে এসব বিষয়ে তাঁর বক্তব্য জানা যায়নি।
এসএইচ







































