• ঢাকা
  • রবিবার, ১০ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

থালাপতি বিজয়ের যত সম্পত্তি


আন্তর্জাতিক ডেস্ক মে ১০, ২০২৬, ০৯:৪৮ পিএম
থালাপতি বিজয়ের যত সম্পত্তি

ইতিহাস গড়ে ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন অভিনেতা থালাপতি বিজয়। প্রায় সাত দশক পর প্রথমবার রাজ্যটিতে ডিএমকে বা এআইএডিএমকের বাইরে অন্য কোনও দল সরকার গঠন করল। রুপালি পর্দার সফল নায়ক বিজয়ের এমন ঐতিহাসিক জয়ের পর তার সম্পত্তি নিয়ে আলোচনা চলছে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, নির্বাচনি হলফনামায় বিজয়ের মোট সম্পত্তির দেখানো হয়েছে ৬২৪ কোটি রুপির। এর মধ্যে স্থাবর সম্পত্তির মূল্য প্রায় ২২০ কোটি রুপি এবং অস্থাবর সম্পত্তির মূল্য প্রায় ৪০৪ কোটি রুপি। তার কোনও ঋণ নেই।

বিজয়ের সম্পদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল—একটি সেভিংস অ্যাকাউন্টে জমা থাকা ২১৩ কোটি রুপিরও বেশি অর্থ। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সালিগ্রামাম শাখার এই অ্যাকাউন্টেই তার মোট অস্থাবর সম্পদের বড় অংশ রাখা আছে। ২০২৪-২৫ অর্থবর্ষে তার মোট আয় ছিল ১৮৪ কোটি ৫৩ লাখ রুপি।

এ ছাড়া বিজয় বিভিন্ন ব্যাংকে মোট ১০০ কোটি রুপি ফিক্সড ডিপোজিট হিসেবে রেখেছেন। এর মধ্যে অ্যাক্সিস ব্যাংকে ৪০ কোটি, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে ২৫ কোটি, এইচডিএফসি ব্যাংকে ২০ কোটি, স্টেট ব্যাংকে অফ ইন্ডিয়ায় ১৫ কোটি রুপি রয়েছে। তার লিক্যুইড সম্পদের বড় অংশই ব্যাংক ডিপোজিটে রাখা।

তবে বিজয়ের শেয়ার বাজারে বিনিয়োগ অত্যন্ত সীমিত। তার মোট ইক্যুইটি লগ্নির পরিমাণ ২০ লাখ রুপিরও কম। এর মধ্যে জয়া নগর প্রপার্টি প্রাইভেট লিমিটেডে শেয়ার ১৯ লাখ ৬৯ হাজার, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে শেয়ার ৯ হাজার ৬০০ রুপি এবং সান পেপার মিল লিমিটেডের শেয়ার ২৫ হাজার ভারতীয় রুপি।

বিজয়ের স্থাবর সম্পদের মোট মূল্য প্রায় ২২০ কোটি রুপি। ১০টি আবাসিক সম্পত্তি প্রায় ১১৫ কোটি, বাণিজ্যিক সম্পত্তি প্রায় ৮২ কোটি ৮০ লাখ, অনাবাদি জমি প্রায় ২২ কোটি এবং কোডাইকানালের ভাট্টাপাট্টি গ্রামে কৃষিজমি রয়েছে ২০ লাখ রুপির।

বিজয়ের নামে একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে। ২০২৪ টয়োটা লেক্সাস ৩৫০— ৩ কোটি ১ লাখ, ২০২৪ বিএমডব্লিউ ১৭— ২ কোটি, ২০২৪ টয়োটা ভেলফায়ার— ১ কোটি ৬৩ লাখ, ২০২০ বিএমডব্লিউ ৫৩০— ৮০ কোটি ৫০ লাখ, ২০২৪ মারুতি সুইফ্ট— ৫ কোটি ৩৫ লাখ এবং ২০২৫ টিভিএস এক্সএল সুপার— ৬৭ হাজার ৪০০ রুপির।

বিজয়ের কাছে ৮৮৩ গ্রাম স্বর্ণ ও রুপার সামগ্রী রয়েছে, যার মোট মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ রুপি। আর পরিবারের সদস্যদের মধ্যে স্ত্রী সঙ্গীতা বিজয়কে ১২ কোটি ৬০ লাখ, ছেলে জেসন সঞ্জয়কে ৮ লাখ ৭৮ হাজার এবং মেয়ে দিব্যা সাশাকে ৪ লাখ ৬০ হাজার রুপি দিয়েছেন তিনি।

বিজয়ের আয়ের উৎস হিসেবে হলফনামায় উল্লেখ করা হয়েছে অভিনয় ও অন্যান্য পেশাগত আয়, ব্যাংকের সুদ এবং ভাড়া থেকে প্রাপ্ত টাকা। নগদ, ফিক্সড ডিপোজিট এবং সম্পত্তি নির্ভর এই রক্ষণশীল বিনিয়োগ কৌশলই তাকে দেশের অন্যতম ধনী অভিনেতা-রাজনীতিক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সূত্র: ব্রুট

এম

Link copied!