পিরোজপুরে সরকারি গাছ কেটে দেয়ার অভিযোগ, বন বিভাগের হস্তক্ষেপ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৬:৪৬ পিএম
পিরোজপুরে সরকারি গাছ কেটে দেয়ার অভিযোগ, বন বিভাগের হস্তক্ষেপ

ছবি: প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানীতে সরকারি রাস্তার পাশে গাছ কাটার অভিযোগ উঠেছে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে। খবর পেয়ে বন বিভাগের হস্তক্ষেপে গাছ কাটা বন্ধ করা হয়।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ইন্দুরকানী উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে, দক্ষিণ ভবানীপুর গ্রামের মাসুম হাওলাদারের বাড়ির সামনে ইন্দুরকানী-কলারণ-সন্ন্যাসী সড়কের পাশে রোপণ করা একটি মেহগনি গাছ একই গ্রামের আব্দুস ছত্তারের ছেলে, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. নজরুল ইসলাম, লোকজন দিয়ে গাছটির ডালপালা কেটে ফেলেন এবং গোড়াতেও কাটার চেষ্টা করেন।

এ সময় উপজেলা বন বিভাগের কর্মকর্তারা বালিপাড়া যাওয়ার পথে ঘটনাস্থল দেখতে পান। তারা গাছ কাটার অনুমতি সম্পর্কে জানতে চাইলে সংশ্লিষ্ট ব্যক্তি কোনো সদুত্তর দিতে পারেননি। পরে বন বিভাগের কর্মকর্তারা গাছ কাটা বন্ধ করে সরঞ্জাম জব্দ করেন এবং তা স্থানীয় গ্রাম পুলিশ সদস্যের জিম্মায় রাখেন।

অভিযুক্ত মো. নজরুল ইসলাম দাবি করেন, যে গাছ কাটা হচ্ছিল সেটি তাদের রোপণ করা এবং সরকারি কোনো গাছ কাটা হয়নি।

উপজেলা বন বিভাগের কর্মকর্তা এফ এম কেরামত আলী জানান, ঘটনাস্থলে গিয়ে সরঞ্জাম জব্দ করে গ্রাম পুলিশের জিম্মায় রাখা হয়েছে। তবে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক হাসান মো. হাফিজুর রহমান বলেন, গাছ কাটা ব্যক্তি তার সঙ্গে দেখা করেছেন এবং গাছটি নিজের বলে দাবি করেছেন। গাছটি কার জমিতে রয়েছে তা যাচাই করা হবে। যদি এটি সরকারি সম্পত্তি হিসেবে প্রমাণিত হয়, তাহলে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। আর যদি ব্যক্তিমালিকানাধীন জমিতে হয়ে থাকে, তাহলে যিনি গাছ কেটেছেন তাকে গাছটি ফেরত দেওয়া হবে।

এলাকাবাসীর দাবি, রাস্তার পাশে থাকা গাছ সরকারি সম্পত্তি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ। যথাযথ অনুমতি ছাড়া এভাবে গাছ কাটার চেষ্টা বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ।
 

এসএইচ 

Link copied!