ফাইল ছবি
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বিএনপির পাঁচ নেতাকর্মীর ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের চার নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রোববার দুপুরে গুরুতর আহত নাহিদ হোসেনের মা মনোয়ারা বেগম বাদী হয়ে ইন্দুরকানী থানায় মামলাটি দায়ের করেন।
থানা ও মামলা সূত্রে জানা গেছে, পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন টুকু, তাঁর ছেলে ছাত্রলীগ কর্মী রায়হান, আওয়ামী লীগ কর্মী হান্নানসহ আরও একজনকে আসামি করা হয়েছে। এর আগে শুক্রবার রাত নয়টার দিকে পত্তাশী বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন পত্তাশী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি নজরুল ইসলাম ফকির (৫৫), জাসাস সভাপতি জাহিদ হোসেন (৩৮), নাহিদ হোসেন (১৮), নাছির উদ্দীন ফকির (৫০) ও নাইম হোসেন (২৮)। তাঁরা বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে বাজার এলাকায় হঠাৎ চিৎকার শুনে লোকজন এগিয়ে গেলে পাঁচজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। অভিযোগ রয়েছে, পূর্ব বিরোধের জেরে তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
আহতদের অভিযোগ, নাসির উদ্দীন টুকুসহ অভিযুক্তরা পরিকল্পিতভাবে তাঁদের ওপর হামলা চালান, এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে অভিযুক্ত নাসির উদ্দীন টুকু অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি মারামারি থামাতে গিয়ে নিজেই আহত হয়েছেন এবং তাঁকে উদ্দেশ্যমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হাওলাদার বলেন, হামলার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :