রাজাপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০২:২৯ পিএম
রাজাপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত

ছবি: প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় খলিলুর রহমান (৪৫) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি–পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের সমবায় এলাকায় যাত্রীবাহী অটোরিকশা ও দ্রুতগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, রাজাপুর উপজেলা থেকে ভান্ডারিয়াগামী একটি অটোরিকশা সমবায় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে এলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে রাজাপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত খলিলুর রহমান রাজাপুর উপজেলার কৈবত্যখালী গ্রামের ইমান আলী খানের ছেলে।

দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীও আহত হয়েছেন। তাঁকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মহাসড়কে বেপরোয়া গতি ও অসতর্কতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তাঁরা সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে গতিরোধক স্থাপন এবং ট্রাফিক পুলিশের নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।

এসএইচ 

Link copied!