ছবি: প্রতিনিধি
নোয়াখালীর সদর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সংগঠক ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার (২ মার্চ) বিকেলে উপজেলার নেয়াজপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন মোহাম্মদ ইয়াসিন আরাফাত (২৬)। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের করিমপুর গ্রামে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সেক্রেটারি মো. জীবন প্রকাশ তাজু ও সহসভাপতি ইয়াসিন রাজুর নেতৃত্বে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। আহত মোহাম্মদ ইয়াসিন আরাফাত করিমপুর গ্রামের মো. নিজাম উদ্দিন খন্দকারের ছেলে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার একজন সক্রিয় কর্মী।
ভুক্তভোগী ইয়াসিন আরাফাত অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় জোটের পক্ষে নোয়াখালী-৫ (কবিরহাট–কোম্পানীগঞ্জ ও সদরের আংশিক) আসনে ভোট দেওয়াকে কেন্দ্র করে করিমপুর মসজিদসংলগ্ন স্থানে তাঁকে ঘিরে ধরে ১০ থেকে ১৫ জন ব্যক্তি ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। তিনি বলেন, একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়লে তাঁকে মোটরসাইকেলে করে অপহরণ করে ইউনিয়নের ধৈন্যপুর এলাকায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে আবারও মারধর করা হয়। পরে তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় ইয়াসিন আরাফাত বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ঘটনার নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নোয়াখালী জেলার নেতারা। তাঁরা দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এসএইচ
আপনার মতামত লিখুন :