ছবি : প্রতিনিধি
রাজশাহী: কার্যক্রম নিষিদ্ধ ও স্থগিত ঘোষিত ফ্যাসিস্ট সংগঠনের প্রভাবশালী নেতাকর্মীদের জামিনে মুক্তির পরই অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর (শ্যোন-অ্যারেস্ট) নির্দেশনা দেওয়ার ঘটনায় পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহানকে লিগ্যাল নোটিশ করেছে আইন ও সালিশ কেন্দ্র। ডিআইজির ওই নির্দেশনা প্রত্যাহারের দাবিতে এই লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ মার্চ) আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে আইনজীবী সৈয়দা নাসরিন ও আইনজীবী শাহীনুজ্জামান এ নোটিশ পাঠিয়েছেন। নোটিশে সাত দিনের মধ্যে ডিআইজির দেওয়া ওই নির্দেশনা প্রত্যাহারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় এ ব্যাপারে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
নোটিশে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি জারি করা এক ‘বিশেষ নির্দেশনায়’ ডিআইজি মোহাম্মদ শাহজাহান উল্লেখ করেন- কার্যক্রম নিষিদ্ধ ও স্থগিত ঘোষিত ফ্যাসিস্ট সংগঠনের যেসব নেতাকর্মী জামিনে মুক্তির পর সংগঠনকে শক্তিশালী করা, পুনর্গঠন করা এবং মাঠ পর্যায়ে সক্রিয় তৎপরতা চালাতে সক্ষম, তাদের জামিনের পরপরই অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে (শ্যোন-অ্যারেস্ট) হবে।
তবে নির্দেশনায় আরও বলা হয়, যেসব নেতাকর্মী এ ধরনের সক্রিয় ভূমিকা পালনে সক্ষম নন, তাদের ক্ষেত্রে জামিনের পর গ্রেপ্তার দেখানোর প্রয়োজন আপাতত নেই। রাজশাহী রেঞ্জের আওতাধীন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলার পুলিশ সুপারদের (এসবি) উদ্দেশে এ নির্দেশনা পাঠান রেঞ্জ ডিআইজি।
আইন ও সালিশ কেন্দ্রের সিনিয়র কো-অর্ডিনেটর আবু আহমেদ ফয়জুল কবির জানান, রেজিস্ট্রি করা ডাকযোগে সোমবার ডিআইজির কাছে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
এ বিষয়ে যা কিছু করণীয় সেটা আইনগতভাবেই করব বলে উল্লেখ করে এর বাইরে সাংবাদিকদের কাছে আর কোন মন্তব্য করতে চাননি ডিআইজি মোহাম্মদ শাহজাহান।
পিএস
আপনার মতামত লিখুন :