যমুনা সেতুতে এক দিনে সাড়ে ৩ কোটি টাকার বেশি টোল আদায়

  • সিরাজগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৭:১৬ পিএম
যমুনা সেতুতে এক দিনে সাড়ে ৩ কোটি টাকার বেশি টোল আদায়

ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জ: যমুনা সেতুতে যানবাহন পারাপার বেড়েছে উল্লেখযোগ্য হারে। বুধবার (১৮ মার্চ) এক দিনেই সেতুটি থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর থেকেই মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার অংশে যানবাহনের ব্যাপক চাপ দেখা গেছে।

যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, বুধবার সেতু দিয়ে মোট ৫১ হাজার ৫৮৪টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জগামী যান ছিল ৩২ হাজার ৮৪০টি এবং টাংগাইলগামী যান ছিল ১৮ হাজার ৭৪৪টি।

ঈদের ছুটি শুরু হওয়ায় রাজধানী ছাড়তে শুরু করেছেন কর্মজীবী মানুষ। উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার যাতায়াতের প্রধান এ সেতুতে প্রতিদিনই বাড়ছে যানবাহনের চাপ। স্বাভাবিক সময়ে যেখানে দৈনিক গড়ে প্রায় ১৮ হাজার যানবাহন চলাচল করে, সেখানে বুধবার অতিরিক্ত প্রায় ৩৩ হাজার ৫৮৪টি যানবাহন পারাপার হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, যানবাহন বৃদ্ধির সঙ্গে টোল আদায়ও বেড়েছে। এর মধ্যে সিরাজগঞ্জগামী যানবাহন থেকে আদায় হয়েছে ১ কোটি ৯৭ লাখ ১০ হাজার ৬৫০ টাকা এবং টাংগাইলমুখী থেকে ১ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৯৫০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, যানবাহনের চাপ বাড়লেও সেতুর দুই প্রান্তে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

এসআই

Link copied!