পুলিশের উপস্থিতিতে সাংবাদিকের মোবাইল ভাঙলো আসামি

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৬:৩৩ পিএম
পুলিশের উপস্থিতিতে সাংবাদিকের মোবাইল ভাঙলো আসামি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুর উপজেলা-এ থানার ভেতরে আসামির ভিডিও ধারণের সময় এক সাংবাদিকের মোবাইল ফোন ভাঙচুরের অভিযোগ উঠেছে অপহরণ মামলার আসামি ইমনের বিরুদ্ধে। পুলিশের উপস্থিতিতেই এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট সাংবাদিক।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হাকিমপুর থানা-এর হাজতখানার সামনে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, কয়েকজন সাংবাদিক থানায় গিয়ে অপহরণ মামলার আসামিকে হাজতখানা থেকে প্রেস ব্রিফিংয়ের জন্য বের করার সময় ভিডিও ধারণ করছিলেন। এ সময় হঠাৎ আসামি ইমন ক্ষিপ্ত হয়ে এক সাংবাদিকের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মাটিতে আছড়ে ভেঙে ফেলেন।

সাংবাদিকদের অভিযোগ, এ সময় পুলিশ উপস্থিত থাকলেও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

হাকিমপুর প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির বলেন, থানার ভেতরে এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত। একজন সাংবাদিক দায়িত্ব পালনের সময় এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

পরে সাংবাদিকরা থানার অফিসার ইনচার্জকে না পেয়ে ডিউটি অফিসারের সঙ্গে কথা বলেন এবং মৌখিকভাবে অভিযোগ জানান বলে জানা গেছে।

এসএইচ 

Link copied!