ছবি: প্রতিনিধি
নীলফামারীতে এক মাদ্রাসার দুই প্রবীণ শিক্ষককে ছাদখোলা গাড়িতে চড়িয়ে জাঁকজমকপূর্ণভাবে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। এ আয়োজন করেন মাদ্রাসার বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে নীলফামারী-এর কানিয়ালখাতা দ্বিমুখী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে তাদের বিদায় জানানো হয়। দীর্ঘ কর্মজীবন শেষে সহ-সুপার শিক্ষক মোহাম্মদ আলী সিরাজী ও সিনিয়র শিক্ষক বাবু জাদব চন্দ্র রায়কে এ সংবর্ধনা দেওয়া হয়।
এর আগে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সুপার মো. সাবেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সহসভাপতি মোহাম্মদ মিজানুর রহমানসহ অন্যরা।
বিদায়ী সহ-সুপার মোহাম্মদ আলী সিরাজী বলেন, ১৯৮৬ সাল থেকে তিনি এ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি এলাকায় একটি মসজিদে দীর্ঘদিন বিনা পারিশ্রমিকে ইমামতি করেছেন। বিদায়ের সময় সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সম্মান তার জন্য গর্বের।
সিনিয়র শিক্ষক বাবু জাদব চন্দ্র রায় বলেন, সহকর্মী ও শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া সম্মান তিনি কখনো ভুলবেন না। এ আয়োজন তার জীবনের একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।
অনুষ্ঠানে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। তারা জানান, প্রিয় শিক্ষকদের শিক্ষা ও আদর্শ তাদের হৃদয়ে চিরকাল অম্লান থাকবে।
এসএইচ
আপনার মতামত লিখুন :