ছবি : প্রতিনিধি
চট্টগ্রাম: চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরের দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনায় বিকাল আনুমানিক ৩টা পর্যন্ত নিউমার্কেট থেকে সিটি কলেজ ও সংলগ্ন আইস ফ্যাক্টরি রোড এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ঘটনায় ছাত্রদল ও ছাত্রশিবিরের ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী সদরঘাট থানার পুলিশ কর্মকর্তা মো. ইকবাল জানান , ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। আমাদের সামনে কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সবধরণের প্রস্তুতি নিয়েছে। কোন আহতের খবর এখনো পাইনি।
প্রতক্ষ্যদর্শী সাধারণ ছাত্রদের সাথে কথা বলে জানা গেছে, গতকাল সোমবার চট্টগ্রাম সিটি কলেজে প্রথম দফায় ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে ছাত্র শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করে। দুপুর ১ টা নাগাদ নিউমার্কেট থেকে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিলটি সিটি কলেজ অভিমুখে আসলে ছাত্রদলের নেতাকর্মীরা আচমকা ধাওয়া দেয় তাদের।
এসময় ছাত্রশিবিরের মিছিলটি ছত্রভঙ্গ হয়ে আইস ফ্যাক্টরি রোডের দিকে চলে যায়। তবে এর কিছুক্ষণের মধ্যেই ছাত্র শিবিরের নেতাকর্মীরা আবার জড়ো হয়ে ছাত্রদলের কর্মীদেরকে ধাওয়া দেয়। এতে ছাত্রদলের নেতাকর্মীরা পিছু হটে যায়। এসময় উভয় দলের নেতাকর্মীদের হাতে দেশীয় লাটিসোটা, ধারালো অস্ত্র দেখা গেছে বলে জানিয়েছেন তারা।
সরকারি সিটি কলেজের অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ নঈম উদ্দিন বলেন, দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। প্রাথমিকভাবে শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
পিএস
আপনার মতামত লিখুন :