মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
শনিবার (৯ মে) সকালে মুন্সীগঞ্জের গজারিয়ার বাউশিয়া এলাকায় সিমেন্টবোঝাই একটি ট্রাক উল্টে মহাসড়কের মাঝখানে পড়ে গেলে এই পরিস্থিতি তৈরি হয়।
দুর্ঘটনার পর ধীরে ধীরে যানজট বাড়তে বাড়তে প্রায় ১৩ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। বিশেষ করে কুমিল্লামুখী লেনে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে, ফলে পণ্যবাহী ট্রাক, বাস ও ব্যক্তিগত গাড়ি দীর্ঘ সময় ধরে আটকে থাকে।
প্রত্যক্ষদর্শী চালকদের মতে, সকাল থেকে ধীরগতির কারণে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। একজন ট্রাকচালক জানান, স্বাভাবিক সময়ে যেটুকু পথ কয়েক মিনিটে পার হওয়া যায়, সেটিই এক ঘণ্টার বেশি সময় লেগেছে। একই ধরনের ভোগান্তির কথা জানান বাসচালকরাও।
এ বিষয়ে গজারিয়া হাইওয়ে থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, রাতের বেলায় সিমেন্টবোঝাই একটি ট্রাক মহাসড়কের মাঝখানে উলটে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরানোর কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে বলে তিনি আশা করেন।
যাত্রীদের অভিযোগ, এই মহাসড়কে প্রায়ই এমন দুর্ঘটনা ও যানজটের কারণে দীর্ঘ সময় আটকে থাকতে হয়, যা নিয়মিত ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
বর্তমানে উদ্ধারকাজ চলমান থাকায় কিছু অংশে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
এম
আপনার মতামত লিখুন :