আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ৫০

  • হবিগঞ্জ প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৭:০৩ পিএম
আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ৫০

ফাইল ছবি

হবিগঞ্জ সদর উপজেলায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। দফায় দফায় চলা এই সংঘর্ষে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

বুধবার সকালে সদর উপজেলার লোকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে কাশিপুর গ্রামের একদল যুবক আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি পরে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেন। খেলায় ব্রাজিল দল আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হেরে যায়। খেলা শেষে ধারাভাষ্যকার মাইকে ব্রাজিলের হেরে যাওয়ার খবর ঘোষণা করলে দুই পক্ষের যুবকদের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনা শুরু হয়। ওই সময় স্থানীয় মুরব্বিরা বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসা করে দিলে পরিস্থিতি শান্ত হয়।

তবে সেই রেশ কাটেনি। আজ বুধবার সকালে উভয় পক্ষের লোকজন গ্রাম্য বাজারে আবারও একই বিষয় নিয়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তা দুই পক্ষের গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের শত শত মানুষ টেঁটা, বল্লম ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েন।

প্রায় ঘণ্টাব্যাপী চলা এই রণক্ষেত্রে নারীসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কয়েকজনের অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁদের সিলেটে স্থানান্তর করেন। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং নতুন করে সংঘর্ষ এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এসএইচ 

Link copied!