ফাইল ছবি
গল্পের প্রয়োজনে পর্দায় নিজেদের নানা ভাঙাগড়ার মধ্য দিয়ে নিয়ে যান অভিনয়শিল্পীরা। কখনো তৃতীয় লিঙ্গ, আবার কখনো সমকামী চরিত্রের চ্যালেঞ্জ নেন তারা। সম্প্রতি মুক্তি পাওয়া বলিউড সিনেমা ‘ককটেল ২’–এর ট্রেলার প্রকাশের পর এমনই এক নতুন আলোচনা শুরু হয়েছে দুই জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানাকে নিয়ে। বলিপাড়ায় জোর গুঞ্জন, পর্দায় নাকি এবার সমকামী সম্পর্কের রসায়নে দেখা যাবে এই দুই তারকাকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।
তিন মিনিটের কিছু বেশি সময়ের ট্রেলারটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, সিনেমার মূল গল্পটি গড়ে উঠেছে ত্রিকোণ প্রেমকে কেন্দ্র করে। বন্ধুত্ব থেকে ধীরে ধীরে ভালোবাসায় জড়িয়ে যাওয়া এবং একপর্যায়ে সেই সম্পর্কের জটিল হয়ে ওঠার গল্পই বলবে ‘ককটেল ২’। ট্রেলারের আবহ জুড়ে অভিনেতা শহীদ কাপুরের কণ্ঠের ধারাভাষ্য সেই সম্পর্কের জটিলতার আভাস আরও বাড়িয়ে দিয়েছে।
ট্রেলারের শুরুতে শহীদ কাপুর ও কৃতি শ্যাননের অন্তরঙ্গ রসায়ন দেখা যায়। এরপরই গল্পে এন্ট্রি নেন রাশমিকা মান্দানা। শহীদের সঙ্গে রাশমিকার প্রেমের আভাস পাওয়ার পরপরই গল্পটি ত্রিকোণ প্রেমে রূপ নেয়। তবে একপর্যায়ে ট্রেলারে শহীদ, কৃতি ও রাশমিকা—এই তিনজনের মধ্যকার ঘনিষ্ঠতা ও জটিলতা আরও ঘনীভূত হতে দেখা যায়।
সিনেমাটিতে রাশমিকা ও কৃতির সম্পর্ক নিয়ে যেমন চর্চা চলছে, ঠিক তেমনই আলোচনা তৈরি হয়েছে তাঁদের পারিশ্রমিক নিয়েও। শোনা যাচ্ছে, এই সিনেমার জন্য শহীদ কাপুর নিয়েছেন ৩০ কোটি রুপি। অন্যদিকে রাশমিকা ও কৃতি শ্যানন দুজনেই সমান ১৫ কোটি রুপি করে পারিশ্রমিক নিয়েছেন।
তবে পর্দায় রাশমিকা ও কৃতির সমকামী সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদমাধ্যমে যে ফিসফাস চলছে, তা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন সিনেমার পরিচালক হোমি আদাজানিয়া। তিনি স্পষ্ট জানিয়েছেন, দুই নায়িকার মধ্যে কেবলই গভীর বন্ধুত্ব দেখানো হয়েছে, অন্য কিছু নয়। আগামী ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে বহুল আলোচিত এই সিনেমার।
এসএইচ
আপনার মতামত লিখুন :