ছবি : প্রতিনিধি
বরিশাল: গোপনে বড় বোনের নগ্ন ভিডিও ধারণ ও তা সম্পাদনা করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা পর্নোগ্রাফি মামলায় এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৭ জুন) দিবাগত রাত ১২টার দিকে বরিশাল নগরীর রূপাতলী হাউজিং এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা পিরোজপুরের মধ্যরাস্তা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা রাজশাহীর বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, দুই বোনের স্বামীদের মধ্যে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, ছোট বোন ও তার স্বামী বড় বোনের স্বামীর কাছ থেকে ১৫ লাখ টাকা ধার নিয়েছিলেন। পরবর্তীতে ওই টাকা পরিশোধ না করায় বিষয়টি নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়।
এ ঘটনায় বড় বোনের স্বামী রাজশাহীর মতিহার থানায় প্রতারণার মামলা দায়ের করেন। ওই মামলায় গত ২৮ এপ্রিল ছোট বোন ও তার স্বামী কারাগারে যান। পরে জামিনে মুক্তি পাওয়ার পর তারা প্রতিশোধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ উঠেছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৯ মে রাতে ছোট বোন বড় বোনের নগ্ন ছবি ও ভিডিও সম্পাদনা করে তার মায়ের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান এবং সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী ২১ মে রাজশাহীর বোয়ালিয়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। ভুক্তভোগীর স্বামী অভিযোগ করে বলেন, টাকা-পয়সার বিরোধের জের ধরে তার স্ত্রীকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে নগ্ন ছবি তৈরি ও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, মামলার আসামি দম্পতি বরিশাল নগরীর রূপাতলী হাউজিং এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে। মামলার তদন্তও চলমান রয়েছে।
পিএস
আপনার মতামত লিখুন :