ছবি : প্রতিনিধি
রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের গৌরবের ৬৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান বলেছেন, বর্তমান বিশ্ব ডেটা-চালিত। কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, বিগ ডেটা, স্বাস্থ্য গবেষণা, কৃষি উন্নয়ন, ব্যবসায়িক সিদ্ধান্ত এবং জাতীয় পরিকল্পনার কেন্দ্রে রয়েছে পরিসংখ্যান। ফলে এ বিভাগের শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতের সম্ভাবনা আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি।
বুধবার (১ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের উদ্যোগে বিভাগের ৬৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান বলেন, “আজ আমরা এমন একটি বিভাগের ৬৫ বছরের গৌরবগাঁথা উদযাপন করতে একত্রিত হয়েছি, যা শুধু একটি একাডেমিক বিভাগ নয়; এটি বাংলাদেশের পরিসংখ্যান শিক্ষা, গবেষণা ও মানবসম্পদ উন্নয়নের এক উজ্জ্বল প্রতিষ্ঠান।”
তিনি বলেন, ১৯৬১ সালে প্রতিষ্ঠিত এ বিভাগের প্রথম বিভাগীয় প্রধান ছিলেন অধ্যাপক খন্দকার মনোয়ার হোসেন। তাঁর দূরদর্শী নেতৃত্বের ভিত্তির ওপর দাঁড়িয়ে বিভাগটি আজ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত। গত ছয় দশকেরও বেশি সময়ে বিভাগটি হাজার হাজার দক্ষ পরিসংখ্যানবিদ, গবেষক, শিক্ষক, প্রশাসক, পরিকল্পনাবিদ, তথ্যবিজ্ঞানী ও উন্নয়নকর্মী গড়ে তুলেছে। তাঁদের অনেকেই বর্তমানে দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং প্রযুক্তি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, বিভাগের গবেষণার পরিধি বর্তমানে বায়োস্ট্যাটিস্টিক্স, ইকোনোমেট্রিক্স, ডেটা মাইনিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, জনস্বাস্থ্য, পরিবেশ, জলবায়ু ও বায়োইনফরমেটিক্সসহ নানা আধুনিক ক্ষেত্রে বিস্তৃত হয়েছে। আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা, আধুনিক কম্পিউটার ল্যাব, গবেষণা জার্নাল এবং উচ্চশিক্ষার অনুকূল পরিবেশ এ বিভাগের অগ্রযাত্রার সাক্ষ্য বহন করছে। ভবিষ্যতেও বিভাগটি জ্ঞানচর্চা ও নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মামুনুর রশীদ এবং মেরিন চিফ ইঞ্জিনিয়ার মো. শফিকুর রহমান।
পরিসংখ্যান বিভাগের সভাপতি প্রফেসর ড. মু. মনসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে বিভাগের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ‘মুক্তার মোহাম্মদ আলী বৃত্তি’ প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
পিএস
আপনার মতামত লিখুন :