যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বিএনপি নেতার

  • লক্ষ্মীপুর প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৩:২৬ পিএম
যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বিএনপি নেতার

ছবি : প্রতিনিধি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর উত্তর চরবংশী গ্রামের বিএনপি নেতার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত সাবেক যুবদল নেতা জাকির হোসেনসহ তার সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী বিএনপি নেতা। 

বুধবার (০১ জুলাই) দুপুরে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ভুক্তভোগী বিএনপি নেতা শাহজাহান কবিরাজ চরবংশী গ্রামে এ আয়োজন করেন। এসময় বিএনপি নেতা শাহজাহানের অংশীজন ভুক্তভোগী মনির হাজী, খোকন ফরাজী, হাসান কবিরাজ ও কামাল আকঞ্জী উপস্থিত ছিলেন

বিএনপি নেতা শাহজাহান কবিরাজ বলেন, আমার ক্রয়কৃত ৫৮ শতাংশ জমি পরবর্তীতে বিক্রি করেছি। এখন জাকিরসহ তার ভাই তোফাজ্জল, মুরাদ, ছিদ্দিক ও জাহেরসহ একটি চক্র আমাদের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা চেয়েছে। এখানে জমি বেচাকেনা হলেই তারা সংশ্লিষ্টদের কাছ থেকে চাঁদাবাজি করে থাকে। চাঁদা না দিলে তারা জমি দখলে নিতে দেয় না। প্রতিবাদ করলে হামলা-মামলা দিয়ে হয়রানি করে। 

অভিযুক্ত জাকির উত্তর চরবংশী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি বলেন, ঘটনাস্থলে আমরাও জমি কিনেছি। এখন শাহজাহান বলছেন তারাও জমি কিনেছে। এনিয়ে আমাদের দ্বন্দ্ব রয়েছে। তাদের কাছ থেকে কেন চাঁদা চাইতে যাবো? চাঁদা দাবির অভিযোগ মিথ্যা ও আমাকে ফাঁসানোর জন্য তারা এইসব কথা বলছে। 

উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদল ইমাম হোসেন গাজী বলেন, চাঁদা দাবির অভিযোগ সত্য নয়। জাকির ও শাহজানের সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে। এটি নিয়ে আমাদের বসার কথা ছিল, কিন্তু হয়নি। 

হাজীমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মমিনুল হক বলেন, জাকির একটি মামলা করেছে শাহজাহানের বিরুদ্ধে। ঘটনাটি জমি সংক্রান্ত। তবে চাঁদা দাবির বিষয়ে শাহজাহান কোন অভিযোগ দেয়নি।

পিএস

Link copied!