অশ্রুসিক্ত বিদায়ে প্রিয় শিক্ষক, স্মৃতিচারণে কাঁদলেন সবাই

  • ঝিনাইদহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৭:৩৮ পিএম
অশ্রুসিক্ত বিদায়ে প্রিয় শিক্ষক, স্মৃতিচারণে কাঁদলেন সবাই

ছবি: প্রতিনিধি

হাসি-আনন্দ, স্মৃতিচারণ আর অশ্রুর অপূর্ব এক মেলবন্ধনে সম্পন্ন হলো ঝিনাইদহের মহেশপুর উপজেলার ঐতিহ্যবাহী জলিলপুর আলিম মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও অধ্যক্ষ মো. আবদুল হাই-এর বিদায় সংবর্ধনা। শনিবার সকালে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানটি একপর্যায়ে প্রিয় শিক্ষকের অবসরজনিত বিদায়ের বেদনায় এক আবেগঘন ও হৃদয়স্পর্শী পরিবেশে রূপ নেয়। জীবনের শ্রেষ্ঠ অভিভাবক ও আলোকবর্তিকাকে বিদায় জানাতে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে আবেগঘন মানপত্র পাঠ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক সুলতান আহমেদ।

অনুষ্ঠানে সহকারী অধ্যক্ষ ছাব্দার হোসাইন, নাটিমা ফাজিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল জব্বার, পৌর বিএনপির সহসভাপতি আশিক আহম্মেদ সিদ্দিক, মহেশপুর উপজেলা জামায়াতের আমীর ফারুক আহম্মেদ, সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ, সমাজসেবক শেখ শাহাজান আলী এবং মহেশপুর প্রেসক্লাবের সভাপতি সারোয়ার হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, অধ্যক্ষ আবদুল হাই শুধু একজন শিক্ষক নন, তিনি ছিলেন প্রতিষ্ঠানের প্রাণ ও আদর্শ মানুষ গড়ার কারিগর, যাঁর হাত ধরে অসংখ্য শিক্ষার্থী আজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

প্রধান অতিথি সংসদ সদস্য মতিয়ার রহমান তাঁর বক্তব্যে বলেন, একজন আদর্শ শিক্ষক কখনো অবসরে যান না, তিনি শিক্ষার্থীদের হৃদয়ে আজীবন বেঁচে থাকেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন বিদায়ী অধ্যক্ষের দীর্ঘ কর্মজীবনের সততা, নিষ্ঠা ও শিক্ষার মানোন্নয়নে অসামান্য অবদানের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানের শেষপর্যায়ে অধ্যক্ষ আবদুল হাইকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিদায়ের ক্ষণে সবার ভালোবাসায় বারবার অশ্রুসিক্ত হয়ে পড়া এই গুণী শিক্ষককে উপস্থিত সকলে দাঁড়িয়ে করতালির মাধ্যমে সম্মান জানান।

এসএইচ 

Link copied!