জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণঅভ্যুত্থানের হুঁশিয়ারি নাহিদ ইসলামের

  • বরিশাল ব্যুরো | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৭:৪৪ পিএম
জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণঅভ্যুত্থানের হুঁশিয়ারি নাহিদ ইসলামের

ছবি: প্রতিনিধি

সরকার যদি গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে, তবে দেশব্যাপী তীব্র গণআন্দোলন এবং প্রয়োজনে পুনরায় গণঅভ্যুত্থান গড়ে তোলা হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 

শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এই কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, বরিশাল থেকে শুরু হওয়া এই রাজনৈতিক কর্মসূচি পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ছড়িয়ে দেওয়া হবে এবং সবশেষে রাজধানী ঢাকায় একটি বৃহৎ সমাবেশের আয়োজন করা হবে। তিনি অভিযোগ করেন, সরকার যদি জনগণের রায়ের প্রতি সম্মান প্রদর্শন করে জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত ও কার্যকর উদ্যোগ গ্রহণ না করে, তবে দেশের বিরোধী রাজনৈতিক শক্তিগুলো আরও কঠোর কর্মসূচির পথে হাঁটতে বাধ্য হবে। এখন পর্যন্ত হরতাল বা অবরোধের মতো কঠোর কোনো কর্মসূচি দেওয়া না হলেও, পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে এমন সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা তিনি উড়িয়ে দেননি।

সরকারের তীব্র সমালোচনা করে এনসিপির আহ্বায়ক আরও বলেন, গণভোটের সময় রাজনৈতিক সংস্কার ও জুলাই সনদের পক্ষে জোর প্রচারণা চালানো হলেও নির্বাচনের পর তার কোনো দৃশ্যমান প্রতিফলন দেখা যাচ্ছে না। জনগণের বিপুল সমর্থন ও রায় পাওয়ার পরও জুলাই সনদ বাস্তবায়নে সরকারের ধীরগতি ও কার্যকর অগ্রগতির অভাবে সাধারণ মানুষের মনে তীব্র হতাশা তৈরি হচ্ছে। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, দেশের মানুষ যে আস্থা ও দায়িত্ব দিয়েছে, সরকারকে তার যথাযথ মূল্যায়ন করতে হবে এবং গণভোটে প্রকাশিত জনমতকে সম্মান জানিয়ে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নে বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী এই বিভাগীয় সমাবেশে অংশ নেন।

এসএইচ 

Link copied!