নেত্রকোনায় কবরস্থান নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

  • নেত্রকোনা প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৬, ০৫:২৯ পিএম
নেত্রকোনায় কবরস্থান নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ছবি : প্রতিনিধি

নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় একটি কবরস্থান নিয়ে বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। এ সময় দোকানপাটসহ বাড়ি-ঘর ভাংচুরের ঘটনাও ঘটেছে। 

শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার রংছাতী ইউনিয়নের আমগড়া এলাকায় এই সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, আমগড়া বাজারের পাশে একটি কবরস্থান রয়েছে। এলাকার কয়েকটি গ্রামের মানুষ মারা গেলে এই কবরস্থানেই দাফন করা হয়। অন্তত ৬০ থেকে ৭০ বছর ধরে পোনেশ্বর-আমগড়া কবরস্থান হিসেবে পরিচিতি পেয়ে আসছে কবরস্থানটি। এ অবস্থায় একটি পক্ষ দাবি করে যেহেতু কয়েক গ্রামের মানুষের দাফন করা হয় তাই কবরস্থানটির নাম হবে সার্বজনীন কবরস্থান।

এ নিয়ে বিরোধ চলছিল বেশ কিছু দিন ধরে। এরই জেরে আজ সকালে দেশীয় অস্ত্র নিয়ে আমগড়ায় উভয়পক্ষ সংঘর্ষে জড়ান। এতে নারীসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হন। ঘটনার সময় আমগড়া বাজারে বেশকিছু দোকানেও হামলা ও ভাংচুর করা হয়। একপর্যায়ে আমগড়া ও নল্লাপাড়া গ্রামের মানুষজন পোনেশ্বর হররামে হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুরসহ লুটপাট চালায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে পাঠান।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়। এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পিএস

Link copied!