ছবি : প্রতিনিধি
নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে পৃথক স্থানে সাপের ছোবলে ঘুমন্ত শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল বৈদ্যপাড়া এলাকার আব্দুর রহমানের মেয়ে রুনা (১০) ও বড়ভিটা ইউনিয়নের জুরাবান্ধা মালিপাড়া গ্রামের বিপুল রায়ের ছেলে বিজয় রায় (২০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিপুল রায় গত শুক্রবার (৭ আগস্ট) রাতে সনাতন ধর্মীয় মনসার গানের মঞ্চে অভিনয় করছিলেন। রাস্তায় জেলেদের কাছ থেকে নেওয়া অবিষধর সাপ মনে করে অভিনয় দৃশ্যপর্বে দর্শকদের সাপের খেলা দেখাচ্ছিলেন। এসময়ে সাপটি তার হাতে ছোবল দেয়। সে বাড়িতে আসার পরে ব্যথা অনুভব করলে স্বজনেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার রাতে মারা যায় সে।
অপরদিকে শুক্রবার ভোর রাতে ঘুমন্ত অবস্থায় শিশু রুনার ডান হাতে একটি বিষধর সাপ কামড় দেয়। এসময় সে মা-বাবার সঙ্গে ঘুমিয়ে ছিল। পরে সে তীব্র ব্যথা অনুভব করলে স্বজনেরা তাকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর গফুর বলেন, এঘটনায় পৃথক অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
পিএস