ছবি: প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নাটোর-৪ আসনের সাবেক এমপি ও বিএনপি নেতা আবদুল আজিজের ছেলে নূরুজ্জামান মিন্টুকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের আগে শাকিলের নিরাপত্তাহীনতার কথা জানিয়ে ফেসবুকে দেওয়া বার্তা এবং থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
বুধবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্রাতৃপ্রতিম সহযোদ্ধার জীবনহানির মতো গর্হিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরুজ্জামান মিন্টুকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে জিডি করার পরও শাকিলকে রক্ষা করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের বাবা রবিউল করিম। তিনি অভিযোগ করেন, হত্যার হুমকি পাওয়ার পরও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি এবং ঘটনার পরও আসামিদের গ্রেপ্তারে নিষ্ক্রিয় ছিল।
তথ্যমতে, গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে চাঁচকৈড় বাজার এলাকায় শাকিলকে লক্ষ্য করে মোটরসাইকেলে আসা সশস্ত্র দুর্বৃত্তরা হামলা চালায়। পরে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। রাজশাহী ও ঢাকার হাসপাতালে টানা ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ সোমবার রাতে মিন্টুকে গ্রেপ্তার করে। মঙ্গলবার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানালে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নিহত শাকিলের করা জিডি ও সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তার বিষয়টি উল্লেখ করে জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত পরিচালিত হচ্ছে। অপরাধী যে-ই হোক, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএইচ