জামায়াত কর্মীদের বাধা ও মারধরের অভিযোগে মহিলা কর্মীদের বিক্ষোভ

  • পাবনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৭:৫৯ পিএম
জামায়াত কর্মীদের বাধা ও মারধরের অভিযোগে মহিলা কর্মীদের বিক্ষোভ

ছবি: প্রতিনিধি

সুজানগর উপজেলায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে জামায়াতের মহিলা ও অন্যান্য নেতাকর্মীদের ভোট প্রচারণায় বাধা দেওয়া ও মারধরের অভিযোগ উঠেছে। এতে দুই নারীসহ পাঁচজন আহত হয়ে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে সুজানগরের মানিকহাট ইউনিয়নের রায়পুর মাঝপাড়া ও আহমদপুর ইউনিয়নের সৈয়দপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন, হাফেজ মাওঃ রফিকুল ইসলাম, উপজেলা জামায়াত ওলামা বিভাগের সভাপতি, হাফেজ আমিনুল ইসলাম শিমুল, সহ-সভাপতি, মাওলানা ইনামুল হক, ওলামা বিভাগের পৌর সভাপতি, মার্জিয়া খাতুন, জামায়াতের মহিলা কর্মী, ফিরোজা বেগম।

জমায়াতের নেতাকর্মীরা প্রচারণায় গেলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা প্রথমে মহিলা কর্মীদের বাধা দেন। পরে মারধর শুরু হলে পাশে থাকা পুরুষ কর্মীরাও আহত হন। এতে মোট ১০ জন আহত হন, তাদের মধ্যে ৫ জন হাসপাতালে ভর্তি।

এছাড়া চর সুজানগর ও আহমদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায়ও সমান ধরনের বাধা ও মারধরের ঘটনা ঘটেছে।

ঘটনার প্রতিবাদে দুপুরে জামায়াতের মহিলা কর্মীরা ভবানিপুর পশ্চিম পাড়া থেকে শুরু করে সুজানগর বাজার প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন।

পাবনা-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মীর রাশেদুজ্জামান জানান, সুজানগরে ৩টি ঘটনার তথ্য পাওয়া গেছে এবং স্বপ্রণোদিতভাবে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির প্রার্থী সেলিম রেজা হাবিব বলেন, “এগুলো কে করছে আমি নিজেই বুঝতে পারছি না। ইউএনওকে জানিয়েছি, যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

এসএইচ 


 

Link copied!