ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার যোগসূত্রের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
২০২০ সালের একটি এফবিআই নথিতে উল্লেখ করা হয়েছে, সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ বারাকের তত্ত্বাবধানে এপস্টেইনকে গোয়েন্দা প্রশিক্ষণ প্রদান করা হয়েছিল। ওই নথিতে এক গোপন তথ্যদাতা (কনফিডেনশিয়াল হিউম্যান সোর্স) যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়ায় অভ্যন্তরীণ বা বহিরাগত প্রভাব সংক্রান্ত গোয়েন্দা তথ্য প্রদান করেন। তবে সূত্রটি নির্বাচন ছাড়াও আরও কয়েকটি বিষয়ে অতিরিক্ত তথ্য সরবরাহ করেছে বলে নথিতে বলা হয়েছে।
নথি অনুসারে, ওই তথ্যদাতা দাবি করেছেন যে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক অ্যালান ডারশোভিটজ এবং এপস্টেইনের মধ্যে টেলিফোন আলাপ শুনে তার নোট রেখেছিলেন। পরবর্তীতে এসব আলাপের বিবরণ ইসরায়েলের বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে পাঠানো হতো বলে অভিযোগ উঠেছে।
২০২০ সালের ১৬ অক্টোবর এই গোপন সূত্র জানায়, এপস্টেইন সম্পর্কিত বিভিন্ন আলোচনা শোনার পর তারা এই উপসংহারে পৌঁছেছেন যে এপস্টেইন মোসাদের একজন সহ-নিয়োজিত এজেন্ট ছিলেন।
সূত্রটি আরও দাবি করে যে, অ্যালান ডারশোভিটজ একজন মার্কিন আইনজীবীকে বলেছিলেন, এপস্টেইন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোর গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন।
নেতানিয়াহুর ঘনিষ্ঠ বন্ধু ও উপদেষ্টা হিসেবে পরিচিত হার্ভার্ডের এই অধ্যাপক ডারশোভিটজ এপস্টেইন, হার্ভি ওয়াইনস্টিন (সাবেক চলচ্চিত্র প্রযোজক ও যৌন অপরাধী) এবং ডোনাল্ড ট্রাম্পের মামলায় প্রতিরক্ষা দলের সঙ্গে যুক্ত থাকায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি মার্কিন বিচার বিভাগ এপস্টেইন ফাইলসের প্রায় ৩০ লাখ নথি প্রকাশ করেছে। এসব নথিতে এই কুখ্যাত যৌন অপরাধীর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক রাজনীতি-ব্যবসায়িক অঙ্গনের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সম্পর্কের বিষয় উঠে এসেছে।
এসবিআর
আপনার মতামত লিখুন :