মানুষ জনবান্ধব রাজনীতি চায়: প্রতিমন্ত্রী নুর

  • মাদারীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৭:৩৪ পিএম
মানুষ জনবান্ধব রাজনীতি চায়: প্রতিমন্ত্রী নুর

ছবি : প্রতিনিধি

মাদারীপুর: শ্রম ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, নেতৃত্ব এমন হতে হবে যাতে জনগণের ওপর কিছু চাপিয়ে দেওয়া বা খবরদারি করার প্রবণতা না থাকে। মানুষ এখন জবাবদিহিতামূলক ও জনবান্ধব রাজনীতি চায়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুরের মস্তোফাপুর বাসস্ট্যান্ডে নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে গণপ্রতিরোধের মধ্য দিয়ে জনগণ তাদের প্রত্যাশার কথা স্পষ্ট করেছে। জাতীয় নির্বাচন সম্পন্ন হয়েছে, সামনে স্থানীয় নির্বাচন। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, যেভাবে জাতীয় নির্বাচনে মানুষের কাছে গিয়েছেন, একইভাবে স্থানীয় নির্বাচনেও জনগণের কাছে যান এবং তাদের আস্থা অর্জন করুন। 

সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা সহায়তা প্রদানের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে দলমত নির্বিশেষে সকল নাগরিকের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং আইনের দৃষ্টিতে সকল নাগরিককে সমান সেবা দিতে হবে। 

পিএস

Link copied!