সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধে সতর্ক অবস্থানে জিবিজি

  • হিলি (দিনাজপুর) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৬:০৩ পিএম
সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধে সতর্ক অবস্থানে জিবিজি

ছবি : প্রতিনিধি

হিলি: ​বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে একটি চক্র সীমান্ত দিয়ে ভারতে তেল পাচারের চেষ্টা করতে যেন না পারে সেই লক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে সতর্কতা জারি করেছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন।

শুক্রবার (৬ মার্চ) সকাল থেকে হিলি সীমান্তসহ সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিজিবির টহল কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে। কেবল সীমান্ত রেখাই নয়, বরং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে আশেপাশের জনপদগুলোতেও।

বিজিবি সূত্রে জানা গেছে, পাচারকারীরা যাতে কোনোভাবেই দেশের সম্পদ বিদেশে নিয়ে যেতে না পারে, সেজন্য গ্রহণ করা হয়েছে বহুমুখী পদক্ষেপ। সীমান্তের প্রতিটি কৌশলগত পয়েন্টে বিজিবির নিয়মিত টহল জোরদার করা হয়েছে।

সীমান্তবর্তী আঞ্চলিক সড়কগুলোতে জ্বালানি তেলবাহী লরি বা ড্রাম চলাচলের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। স্থানীয় ফিলিং স্টেশনগুলোতে তেলের মজুদ এবং বিক্রির তথ্য নিয়মিত সংগ্রহ করা হচ্ছে।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের অভ্যন্তরীণ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে নির্দেশনা পাওয়ার পরপরই আমরা সীমান্তে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করছি। দেশের জ্বালানি সম্পদ রক্ষায় আমরা বদ্ধপরিকর।

পিএস

Link copied!