ছবি: প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বারোঘরিয়া কাজীপাড়া গ্রামে মাদক ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় এলাকাবাসী কাজীপাড়া গ্রামকে মাদকমুক্ত ঘোষণা করেন।
শুক্রবার জুমার নামাজের পর বারোঘরিয়া কাজীপাড়া জামে মসজিদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন এলাকাবাসী। মানববন্ধনে স্থানীয় সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি, সমাজসেবক, ইমাম, মুসল্লি এবং কাজীপাড়া গ্রামের বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন।
বক্তারা বলেন, ছোট্ট গ্রাম কাজীপাড়ায় ৪-৫টি দলের একটি মাদক ব্যবসায়ী চক্রের কারণে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। বাইরে থেকে বখাটে মাদকসেবীরা এসে প্রকাশ্যে গাঁজা, ইয়াবা ও হেরোইন সেবন করছে। এতে এলাকার তরুণ সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি নিয়ে দফায় দফায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। মাঝে মাঝে অভিযান চালানো হলেও পরে মাদক ব্যবসায়ীরা আবার সক্রিয় হয়ে ওঠে।
মানববন্ধনে বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে হলে এখনই কঠোর অবস্থান নিতে হবে। প্রয়োজনে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে মাদকবিরোধী আন্দোলন গড়ে তুলবে।
এসএইচ
আপনার মতামত লিখুন :