রাজশাহী পুঠিয়ায় জমাকৃত বিপুল পরিমাণ পেট্রোল উদ্ধার

  • রাজশাহী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ১১:২২ এএম
রাজশাহী পুঠিয়ায় জমাকৃত বিপুল পরিমাণ পেট্রোল উদ্ধার

ছবি : প্রতিনিধি

রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে জমাকৃত পেট্রোল উদ্ধার করা হয়েছে।  ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ সময় বিপুল পরিমাণ পেট্রোল জব্দ করা হয় এবং দায়ী ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

শুক্রবার পুঠিয়া উপজেলার মোল্লাপাড়া বাজারে অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) শিবু দাস সুমিত।

অভিযানে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়া বাজারের ‘সততা ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানে প্রায় আড়াই হাজার লিটারের বেশি পেট্রোল মজুত অবস্থায় পাওয়া যায়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রি করছে এমন প্রমাণও মেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জব্দ করা পেট্রোল তাৎক্ষণিকভাবে সরকারি নির্ধারিত দামে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হয়, যাতে কৃত্রিম সংকট তৈরি না হয় এবং ভোক্তারা ন্যায্যমূল্যে পণ্য পেতে পারেন।

একই সঙ্গে অভিযুক্ত প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছেন এবং সাধারণ মানুষকে বেশি দামে কিনতে বাধ্য করছেন। এ ধরনের অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণে রাখা হবে।

তিনি আরও বলেন, সরকার নির্ধারিত দামের বাইরে পণ্য বিক্রি কিংবা অবৈধ মজুতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবং যেকোন পণ্য অবৈধ মজুত ও কৃত্রিম সংকট প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী কমিশনার (ভূমি)।
এ সময় পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিএস

Link copied!