ছবি : প্রতিনিধি
বরিশাল: বরিশালের চরমোনাই এলাকায় বার্ষিক মাহফিলকে কেন্দ্র করে আসা একটি রিজার্ভ লঞ্চ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (১ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা গেছে, মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকা থেকে প্রায় ৩০০ যাত্রী নিয়ে আসা এমভি মানিক-৪ নামের লঞ্চটি মঙ্গলবার রাতে চরমোনাইয়ের উদ্দেশ্যে যাত্রা করে। ভোরে যাত্রী নামিয়ে দেওয়ার পর লঞ্চটি ঘাটে অবস্থান করছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে জোয়ারের সময় নদীর পানি বৃদ্ধি পাওয়ায় লঞ্চটি বালুভর্তি বস্তার ওপর উঠে যায়। পরে ভাটা শুরু হলে পানি কমতে থাকে। একপর্যায়ে লঞ্চটি ভারসাম্য হারিয়ে কাত হয়ে পড়ে এবং ধীরে ধীরে ডুবে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পানি কমার সঙ্গে সঙ্গে লঞ্চটি হেলে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই নদীতে তলিয়ে যায়।
ঘটনার পরপরই বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর বরিশাল ইউনিটের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
বরিশাল নদী বন্দর কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, সর্বশেষ তথ্য অনুযায়ী লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি। লঞ্চমালিকের আবেদনের ভিত্তিতে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারের কার্যক্রম চালানো হচ্ছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, লঞ্চটি যথাযথভাবে বেঁধে রাখা না হওয়ায় ভাটার সময় পানির স্তর কমে গিয়ে দুর্ঘটনাটি ঘটতে পারে। লঞ্চের ভেতরে থাকা মুসল্লিদের কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে।
চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, চরমোনাইয়ে তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ এখানে সমবেত হয়েছেন। প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।
এসআই
আপনার মতামত লিখুন :