ছবি : প্রতিনিধি
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা থানার মদনা এলাকায় ঘাসের জমিতে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির শতাধিক দেশি পাখি মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মালিককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এই অভিযান পরিচালনা করেন।
স্থানীয় সূত্র জানায়, গত শনিবার (১৫ আগস্ট) বিকেলে দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা আতিয়ার রহমান তার ঘাসের জমিতে কীটনাশক বা বিষ প্রয়োগ করেন। শনিবার বিকেল থেকে রোববার বিকেল পর্যন্ত ওই জমিতে পোকামাকড় খেতে এসে বিষক্রিয়ায় প্রায় শতাধিক দেশি পাখি মারা যায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয় পরিবেশপ্রেমীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।
সংবাদ পেয়ে রোববার রাতে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীন আলম ঘটনাস্থলে পৌঁছান এবং বিষ প্রয়োগের সত্যতা পান। পরবর্তীতে জমির মালিক আতিয়ার রহমানের ছেলে রাজনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জমিতে বিষ প্রয়োগের বিষয়টি অকপটে স্বীকার করেন।
ঘটনার সতত্যা ও দায় স্বীকারের ওপর ভিত্তি করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. শাহীন আলম বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে অভিযুক্তকে ৫০০ টাকা জরিমানা অনাদায়ে দণ্ড প্রদান করেন।
অভিযানের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় পাখিসহ বন্যপ্রাণী সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব। ফসলের সুরক্ষার নামে এভাবে বিষ দিয়ে পাখি হত্যা দণ্ডনীয় অপরাধ। তিনি সকল কৃষক ও জমির মালিকদের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় আরো দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালন করার আহ্বান জানান।
পিএস