ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি, ১৭ লাখ টাকার ওষুধ লুট

  • ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০৭:৩৮ পিএম
ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি, ১৭ লাখ টাকার ওষুধ লুট

ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর বিসিক এলাকায় ‘সৌহার্দ্য’ নামের একটি ফার্মেসির টিনের শাটারের তালা ভেঙে প্রায় ১৭ লাখ টাকার ওষুধ ও নগদ ১০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। গত ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, চোরচক্র দোকানের ভেতরে প্রবেশ করে বেশ কয়েকটি বস্তায় ওষুধ ভর্তি করে। পরে একটি পিকআপ ভ্যানে করে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ও কর্মচারীরা জানান, প্রতিদিনের মতো ঘটনার দিন রাত ১১টার দিকে তারা দোকান বন্ধ করে বাড়ি যান। পরদিন শুক্রবার সকালে দোকান খুলতে গিয়ে দেখেন টিনের শাটারের তালা ও অ্যাঙ্গেল ভাঙা। ভেতরে ঢুকে দেখা যায়, বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ দামি ওষুধ উধাও, যার আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ টাকা। এছাড়া ক্যাশ বাক্সে রাখা নগদ ১০ হাজার টাকাও চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতকারীরা।

খবর পেয়ে দোকানের মালিক ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের বিষয়টি জানান। তাদের অভিযোগ, অজ্ঞাতনামা চোরেরা পূর্বপরিকল্পিতভাবে এ চুরি সংগঠিত করেছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে এমন চুরির ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ওষুধ ব্যবসায়ীরা। দ্রুত এ ঘটনার বিচার ও চোরদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

এ ঘটনায় ফার্মেসির মালিক কল্যাণ দেবনাথ জয় বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, সৌহার্দ্য ফার্মেসিতে চুরির ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা নেওয়া হয়েছে। পুলিশ সুপারের নির্দেশনায় তদন্ত কর্মকর্তা কাজ করছেন। দ্রুতই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

এসএইচ 

Link copied!