রঙিন মাছের অবর্ণনীয় বাক্সে বদলে গেল জাওয়াদের জীবন

  • ‎চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৬, ১২:১২ পিএম
রঙিন মাছের অবর্ণনীয় বাক্সে বদলে গেল জাওয়াদের জীবন

ছবি: প্রতিনিধি

মাত্র ৪০৭ টাকা পুঁজির সামান্য শখকে সম্বল করে ঘুরে দাঁড়িয়েছেন চাঁপাইনবাবগঞ্জের তরুণ এবাদত রশিদ জাওয়াদ। পড়াশোনার পাশাপাশি শোয়ার ঘরের এক কোণ ও বারান্দার প্লাস্টিক জারে রঙিন মাছ চাষ করে এখন তিনি প্রতি মাসে অনায়াসেই আয় করছেন ২০ থেকে ২৫ হাজার টাকা। নিজের ছোট পরিসরের এই উদ্যোগ দিয়ে কেবল নিজেই স্বাবলম্বী হননি, বরং আশপাশের বেকার তরুণদের জন্যও গড়ে তুলেছেন এক অনন্য অনুপ্রেরণার গল্প।

রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাওয়াদ। প্রায় তিন বছর আগে বাবার দোকানের পাশে একটি অ্যাকুরিয়াম দেখে রঙিন মাছের প্রতি গভীর আগ্রহ জন্মায় তার। সেই কৌতূহল থেকেই মাত্র ৪০৭ টাকার মাছ কিনে বাড়িতে চাষ শুরু করেন তিনি। ধীরে ধীরে শখের সেই ছোট্ট কাজটিই রূপ নেয় লাভজনক এক উদ্যোগে।

বড় কোনো পুঁজি, আলাদা খামার কিংবা কারখানার ঘর—কোনোটিরই প্রয়োজন পড়েনি তার। নিজ শোয়ার ঘরের বিভিন্ন কোণ এবং বারান্দার নানা পাত্র বা প্লাস্টিক জারে অত্যন্ত স্বল্প খরচে ও সহজলভ্য উপকরণ ব্যবহার করে গড়ে তুলেছেন এই ব্যতিক্রমী রঙিন মাছের খামার। প্রতিদিন ঘুম থেকে জেগে মাছের সুনির্দিষ্ট পরিচর্যা, খাবার দেওয়া এবং দেখভালের মধ্য দিয়েই শুরু হয় তার কর্মব্যস্ত দিন। টানা তিন বছর ধরে পড়াশোনার ফাঁকে নিয়মতি সময় দিয়ে এই সফলতার চাকা সচল রেখেছেন তিনি।

জাওয়াদ জানান, বর্তমানে রঙিন মাছের স্থানীয় ও দূরদূরান্তের বাজারে ভালো চাহিদা থাকায় মাসপ্রতি তার আয় ২০ থেকে ২৫ হাজার টাকায় ঠেকেছে। পরিবারের কাছে হাত পাতার দিন ফুরিয়েছে বহু আগেই; বরং এই উপার্জনেই নিজের পড়াশোনা এবং ব্যক্তিগত যাবতীয় খরচ স্বাচ্ছন্দ্যে মেটাচ্ছেন তিনি। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তার চোখে রয়েছে আরও বড় স্বপ্ন। লেখাপড়া শেষ করে এই খাতটিকে আরও বড় পরিসরে প্রসারিত করার ইচ্ছে রয়েছে তার।

জাওয়াদের এমন ব্যতিক্রমী উদ্যোগের কথা ছড়িয়ে পড়ায় এখন দূরদূরান্ত থেকে ক্রেতা ও শৌখিন মানুষ ভিড় জমান তার বাড়িতে। স্থানীয় ক্রেতা ও এলাকাবাসীর মতে, সীমিত সুযোগ ও পুঁজিকে সদিচ্ছা ও পরিশ্রম দিয়ে কীভাবে সাফল্যের সোপানে রূপান্তর করা যায়, জাওয়াদ তারই উজ্জ্বল দৃষ্টান্ত। তার এই সাফল্যে পুরো এলাকায় বইছে গর্বের হাওয়া।

এসএইচ 

Link copied!