‘শেখ হাসিনা ১০ বছরেও দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই’

  • ভোলা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৬, ০৯:০৭ পিএম
‘শেখ হাসিনা ১০ বছরেও দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই’

ফাইল ছবি

নির্বাচনী ব্যবস্থার আমূল পরিবর্তনের তাগিদ দিয়ে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, গত ১৭ বছর দেশে কোনো সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তবে আগামী স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নিজের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে স্পিকার বলেন, তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা বলছে আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই। তিনি অভিযোগ করেন, বিগত সরকারের আমলে এমন এক কলুষিত পরিবেশ তৈরি করা হয়েছিল, যেখানে সমাজের সৎ, নিষ্ঠাবান ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে দাঁড়ানোই অসম্ভব ছিল।

জনপ্রতিনিধি নির্বাচনে যোগ্যতার মূল্যায়নে পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজে যাদের অর্থনৈতিক প্রভাব নেই কিন্তু জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে, তাদেরও ভোটে লড়ার সুযোগ থাকা উচিত। এ জন্য সাধারণ মানুষের অংশ নেওয়ার পথ সুগম করতে নির্বাচন কমিশনকে বিশেষ পদ্ধতি বা আইনি কাঠামো প্রণয়নের পরামর্শ দেন তিনি।

ভোলা জেলার খনিজ সম্পদের গুরুত্ব তুলে ধরে স্পিকার মেজর (অব.) হাফিজ বলেন, জেলাটিতে যে পরিমাণ প্রাকৃতিক গ্যাস মজুদ রয়েছে, তা পুরো দেশের বর্তমান রিজার্ভের সমতুল্য। সেখানে আরও নতুন গ্যাসের সন্ধান মিলবে বলে তিনি আশা প্রকাশ করেন। ভোলাবাসীর দীর্ঘদিনের দাবির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আশ্বাস দেন, স্থানীয় মানুষের গ্যাসের অধিকার নিশ্চিত করতে তিনি দ্রুতই জ্বালানি মন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।

উল্লেখ্য, নিজ নির্বাচনী এলাকা লালমোহন-তজুমদ্দিনে তিন দিনের সফর শেষে সকাল সাড়ে ১১টায় ঢাকার উদ্দেশ্যে ভোলা ত্যাগ করেন স্পিকার।

এসএইচ 

Link copied!