কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২১ জন আটক, ৯ মোটরসাইকেল জব্দ

  • পাথরঘাটা (বরগুনা )প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৬, ১২:৩৫ পিএম
কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২১ জন আটক, ৯ মোটরসাইকেল জব্দ

ছবি: প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে সন্দেহভাজন ২১ জনকে আটক করেছে পুলিশ। এ সময় মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র তাৎক্ষণিকভাবে দেখাতে না পারায় ৯টি মোটরসাইকেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত পাথরঘাটা পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী ও পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম।

পাথরঘাটা থানা-পুলিশের ইনসিডেন্ট রিপোর্ট অনুযায়ী, আটক ব্যক্তিদের বয়স ১৪ থেকে ২৮ বছরের মধ্যে। তাঁদের মধ্যে ১৪ থেকে ১৬ বছর বয়সী ৭ জন কিশোর রয়েছে। আটক ব্যক্তিরা পাথরঘাটা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডসহ বাদুরতলা, ছোট পাথরঘাটা, দক্ষিণ পাথরঘাটা, কালীবাড়ি, পদ্মা, রুহিতা, ছোট টেংরা, দক্ষিণ কুপধন, কাঞ্চুরহাট ও পূর্ব কালমেঘা এলাকার বাসিন্দা।

আটক ব্যক্তিরা হলেন—বাদুরতলা গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে মো. জাবের মোল্লা (২৬), ছোট পাথরঘাটা গ্রামের শাহ আলমের ছেলে মুছা (২৮), দক্ষিণ পাথরঘাটা গ্রামের মোশারফের ছেলে মো. হাসিব (১৯), কালীবাড়ি গ্রামের ফোরকারের ছেলে আরিফ (১৯), দক্ষিণ পাথরঘাটা গ্রামের হালিম সরদারের ছেলে কালাম সরদার (২২), ছোট টেংড়া গ্রামের আলগীর শেখের ছেলে আমিনুর ইসলাম রনি (২১), রুহিতা গ্রামের কাদের হাওলাদারের ছেলে ফরিদ (২৩), পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শঙ্খর মালীর ছেলে স্বাধীন (২৩), পদ্মা গ্রামের কামাল হোসেনের ছেলে জাকারিয়া (২৪), পদ্মা গ্রামের মোশারফ হোসেনের ছেলে সুমন হাওলাদার (২৪), কালীবাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে হাসান হাওলাদার (২১), পাথরঘাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গোবিন্দ কর্মকারের ছেলে পার্থ কর্মকার (১৮), পাথরঘাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জাহিদুর রহমানের ছেলে রেদোয়ান শিবলী (২৪), পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আউয়ালের ছেলে আবির (২২), পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গোলাম ছরোয়ারের ছেলে মিনহাজুল (১৬), পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলামের ছেলে ফাহিম (১৬), দক্ষিণ কুপধন গ্রামের সোবাহান কাজীর ছেলে ইফাত (১৬), কাঞ্চুরহাট গ্রামের কাজির হোসেন খানের ছেলে বেল্লাল (১৬), পূর্ব কালমেঘা গ্রামের আনোয়ার হোসেন হাওলাদারের ছেলে শাওন (১৬), পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হানিফ মিয়ার ছেলে আহম্মেদ জাহিদ (১৪) এবং পাথরঘাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কামরুল ইসলাম প্রধানের ছেলে হাসান (১৪)।

অভিযানের বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, সম্প্রতি পাথরঘাটায় কিশোর গ্যাংয়ের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। মাদক, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাথরঘাটার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্ট বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে। পাশাপাশি জব্দ করা মোটরসাইকেলগুলোর কাগজপত্র পরীক্ষা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসএইচ 

Link copied!