ছবি : প্রতিনিধি
ঢাকা: ফরিদপুরে ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বিধবা নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি সুজন শেখকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-১০।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে রাজধানীর হাজারীবাগ থানার রাণী কটেজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে গত ২ এপ্রিল সকাল ৯টার দিকে সুজন শেখ ভুক্তভোগী নারীকে ফরিদপুরের কোতোয়ালি থানাধীন গোয়ালচামট এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে যান। সেখানে ওই নারীকে ধর্ষণ করেন সুজন। পরে অসুস্থ অবস্থায় বাড়ি ফিরলে পরিবারের সদস্যরা ভুক্তভোগী নারীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পরে গত বুধবার (৮ এপ্রিল) ভুক্তভোগী নারী বাদী হয়ে ফরিদপুরের কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
র্যাব কর্মকর্তা তাপস কর্মকার আরও জানান, এ ঘটনায় মামলার পর গোয়েন্দা নজরদারি বাড়ায় র্যাব। এর ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে রাজধানীর হাজারীবাগ থানার রাণী কটেজ এলাকায় অভিযান চালিয়ে সুজন শেখকে গ্রেপ্তার করে।
পিএস
আপনার মতামত লিখুন :