১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৬, ০৪:৫২ পিএম
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

ফাইল ছবি

ঢাকা: স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনে অংশ নিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন ফ্যাসিস্ট সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি প্যারোলে মুক্ত থাকবেন বলে তার আইনজীবী নিশ্চিত করেছেন।

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বলেন, ‘প্যারোলে মুক্তির আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক ১২ ঘণ্টার সময় মঞ্জুর করেছেন। আগামীকাল ভোরে তিনি কারাগার থেকে বের হয়ে স্বামীর জানাজায় অংশ নেবেন এবং দাফন শেষে পুনরায় কারাগারে ফিরবেন।’

এর আগে বুধবার (১৯ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ জেলা কারাগারে মা দীপু মনির সঙ্গে দেখা করতে যান তার মেয়ে তানি দীপাবলী নেওয়াজ। সেখানে প্যারোলে মুক্তির প্রক্রিয়া ও সময়ের বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

মুন্সীগঞ্জ কারাগারের জেল সুপার মো. জান্নাত উল ফারহাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্যারোলে মুক্তির বিষয়ে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে তার মেয়ে কারাগারে এসেছিলেন।’

এর আগে গত মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। ২০১৯ সালে স্ট্রোক করার পর থেকেই তার শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল।

পরিবারের পক্ষ থেকে দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু জানান, তৌফিক নেওয়াজ একজন বিশিষ্ট আইনজীবী হওয়ার পাশাপাশি ধ্রুপদি সংগীতেরও অনুরাগী ছিলেন।

পিএস

Link copied!